logo

ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে ক্ষমতা থেকে সরানোর আহ্বান এনএএসিপির

ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে ক্ষমতা থেকে সরানোর আহ্বান এনএএসিপির

প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য ও উন্মাদ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গ অধিকার বিষয়ক সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। ১১৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরের আহ্বান জানাল সংগনঠনটি।

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তার বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।’

এনএএসিপি প্রেসিডেন্ট আরও বলেন, ‘যখন সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।’

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, যদি মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মনে করেন যে প্রেসিডেন্ট দেশ চালাতে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে তারা তাকে ক্ষমতা থেকে অভিসংশন করতে পারবেন।’

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পাঁচ সপ্তাহের মাথায় দেশটির ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও। আলজাজিরার খবর জানায়, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে তেহরান।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায়, পূর্বঘোষিত হামলার কয়েক ঘণ্টা আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। আর এই সমঝোতায় মধ্যস্থতা করার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দেন তিনি। তবে শর্ত দেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

ট্রাম্প লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধের ভিত্তিতে আমি ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’

ট্রাম্পের এই বার্তার কিছুক্ষণ পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি সাময়িক চুক্তির কথা জানান। তিনি বলেন, ‘যদি ইরানের ওপর হামলা বন্ধ থাকে, তবে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষা কার্যক্রম স্থগিত রাখবে এবং দুই সপ্তাহের জন্য ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা যাবে।’

আলজাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ লিখেছেন, ‘ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবে, যারা বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ছিল। পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ ছিল আকাশচুম্বী। ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এটি প্রশমিত করতে পারতেন, কারণ এই উত্তেজনার সলতে তিনিই পাকিয়েছিলেন।’