logo

ইউরোপীয় ইউনিয়নের ৭ সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিল চীন

ইউরোপীয় ইউনিয়নের ৭ সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিল চীন

জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, চীন তাইওয়ানে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানসহ ইইউভিত্তিক সাতটি প্রতিরক্ষা সংস্থার ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বিবৃতি অনুসারে, চীন তাইওয়ানে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানসহ ইউরোপীয় ইউনিয়নভিত্তিক সাতটি প্রতিরক্ষা সংস্থার ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে বেলজিয়ামভিত্তিক আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক এফএন হারস্টাল। আরও আছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ও স্যাটেলাইট গোয়েন্দা সংস্থা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং বলেছে যে কোম্পানিগুলোকে চীন থেকে আসা ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য অর্থাৎ সম্ভাব্য সামরিক প্রয়োগ রয়েছে এমন পণ্য গ্রহণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

সব প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে মন্ত্রণালয় বলেছে, ইইউভুক্ত সংস্থাগুলো তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিতে অংশ নিয়েছিল ‘অথবা তাইওয়ানের সঙ্গে আঁতাত করেছিল’ এবং এই পদক্ষেপগুলো বিশেষভাবে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।

চীন তাইওয়ানের কাছে আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বারবার প্রতিবাদ জানিয়েছে। এই দ্বীপ অঞ্চলটিকে বেইজিং নিজেদের ‘বিচ্ছিন্ন প্রদেশ’ বলে দাবি করে। অতীতে দ্বীপটিতে অস্ত্র স্থানান্তরের জন্য বেশ কয়েকটি মার্কিন সংস্থা ও তাদের কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউক্রেন যুদ্ধের কারণে ইইউ রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ গ্রহণের একদিন পর বেইজিংয়ে এই পদক্ষেপটি এলো। এই প্যাকেজে অন্তত একজন চীনা ব্যক্তি এবং মূল ভূখণ্ড ও হংকংভিত্তিক ২৭টি সংস্থাকেও লক্ষ্যবস্তু করে ইইউ।

মন্ত্রণালয় জানিয়েছে, পদক্ষেপগুলো ঘোষণার আগেই চীন দ্বিপাক্ষিক রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থার মাধ্যমে ইইউ-কে সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিল।

সূত্র: আনাদোলু