logo

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এবার ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা 

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এবার ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা 

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সংঘটিত যুদ্ধের মধ্যেই ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার দাবি করেছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। গোষ্ঠীটির দাবি, গত ২৪ ঘণ্টায় তারা অন্তত ২৭টি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৬ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআই এ দাবি জানিয়েছে। 

বিবৃতিতে আইআরআই জানিয়েছে, তারা ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রে ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং মিসাইল ছুড়েছে। তবে কৌশলগত কারণে তারা হামলার নির্দিষ্ট স্থানগুলোর নাম প্রকাশ করেনি।

সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে হামলার দাবি করা হলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা ইরাকি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। 

আইআরআই কারা?

ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মূলত ইরান-সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠীর একটি আমব্রেলা বা মোর্চা সংগঠন। অতীতে তারা জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে একতরফা সমর্থনের প্রতিবাদে তারা ইরাক ও সিরিয়ায় অবস্থানরত যুক্তেরাষ্ট্রের সেনাদের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে।

পারস্য উপসাগরে ইরানের সাম্প্রতিক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার মাঝে ইরাকি এই সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।