বাল্টিক অঞ্চলে ‘ফলস ফ্ল্যাগ’ হামলার পরিকল্পনা রাশিয়ার, সতর্ক করল লিথুয়ানিয়া

বাল্টিক অঞ্চলের ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ওপর রাশিয়া যে কোনো সময় ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বা সাজানো উসকানিমূলক হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্তাস কাউনাস।
‘ফলস ফ্ল্যাগ’ হলো এমন একটি গোপন সামরিক বা রাজনৈতিক অভিযান, যা এক পক্ষ পরিচালনা করলেও এমনভাবে সাজানো হয় যাতে দেখে মনে হয় কাজটি অন্য কোনো শত্রু পক্ষ বা তৃতীয় কোনো দল করেছে। আসল অপরাধীকে আড়ালে রেখে প্রতিপক্ষের ঘাড়ে দোষ চাপানোই এর মূল লক্ষ্য।
প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষামন্ত্রী কাউনাস জানান, রাশিয়ার এই সম্ভাব্য উসকানিমূলক হামলার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বা তারিখ জানা না গেলেও, তাদের গতিবিধি ও পরিকল্পনাগুলোর ওপর গোয়েন্দারা কড়া নজর রাখছেন। একই সঙ্গে এই নিরাপত্তা ঝুঁকির বিষয়ে পোল্যান্ড ও ন্যাটোর অন্যান্য মিত্রদেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক তথ্য আদান-প্রদান করা হচ্ছে।
লিথুয়ানীয় সংবাদমাধ্যম এলআরটি-কে তিনি বলেন, ‘আমরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ঝুঁকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।’
সংবাদ সংস্থা বিএনএস ও স্থানীয় প্রচারমাধ্যম ‘১৫মিন’-এর পৃথক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে জব্দ করা ড্রোন কিংবা হুবহু ইউক্রেনীয় নকশায় নির্মিত ড্রোন ব্যবহার করে বাল্টিক অঞ্চলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবকাঠামোর ওপর বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে মস্কো।
প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দেন, ইউক্রেন তৈরি ড্রোন দিয়ে সাজানো এই হামলার মূল লক্ষ্য হতে পারে কিয়েভকে সহায়তা করার বিষয়ে ন্যাটোর ঐক্যের দৃঢ়তা পরীক্ষা করা এবং মিত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। তবে লিথুয়ানিয়ার ওপর রাশিয়ার সরাসরি বা প্রচলিত সামরিক হামলার ঝুঁকি এখনও কম বলেই উল্লেখ করেন তিনি।
রাশিয়ার সম্ভাব্য এই উসকানিমূলক পদক্ষেপ নিয়ে পোল্যান্ড, লাতভিয়া ও লিথুয়ানিয়ার ঊর্ধ্বতন নেতৃত্ব বেশ কয়েক মাস ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল। লিথুয়ানিয়া সাম্প্রতিক মাসগুলোতে আকাশসীমা লঙ্ঘন ও ড্রোন সতর্কবার্তার মুখে পড়ার পর এই আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি আরও জোরালো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


