এবার লোহিত সাগরের নৌপথও নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা আরও বাড়ায়, তবে হরমুজ প্রণালির সীমা ছাড়িয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোও নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি এ হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আকবর বেলায়েতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের হামলা বাড়ায়, তবে বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো আর নিরাপদ থাকবে না। কোনো দেশের একটি ভুল পদক্ষেপ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বেলায়েতি জানান, ‘প্রতিরোধের ঐক্যবদ্ধ কমান্ড’ এখন ইয়েমেন উপকূলের বাব আল-মান্দাব প্রণালিকে হরমুজ প্রণালির মতো সমান গুরুত্ব দিচ্ছে। ওয়াশিংটন এখনও শক্তির প্রকৃত ভূগোল বুঝতে ব্যর্থ হয়েছে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, মঙ্গলবারের (৭ এপ্রিল) মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে দেশটির ওপর ‘নারকীয় তাণ্ডব’ চালাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রসঙ্গত, লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দাব প্রণালি সুয়েজ খালের প্রবেশপথ হিসেবে পরিচিত। ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই জলপথে হামলা চালাতে প্রস্তুত। ইতোপূর্বে তারা এই পথে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা সৃষ্টি করেছে।
এদিকে, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা ১০ দিন স্থগিত রাখার ট্রাম্পের ঘোষণা আজ শেষ হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট জানিয়েছে, আলটিমেটাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, যদি ইরানের প্রধান বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত করা হয়, তবে দেশটির লাখ লাখ মানুষ চরম বিদ্যুৎ সংকটের (ব্ল্যাকআউট) মুখে পড়তে পারে। এতে ইরানে সাধারণ জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ফার্স্ট পোস্ট জানিয়েছে, ইরান থেকে মার্কিন পাইলট উদ্ধারের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি সম্ভাব্য ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার বিষয়ে নতুন কোনো বার্তা দিতে পারেন।