ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ইরানের মুদ্রা রিয়ালের মানে বড় ধরনের পতন হয়েছে। দেশটির খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম ২৮ লাখ রিয়াল ছাড়িয়েছে। ডলার বিপরীতে ইরানির মুদ্রার এই মান ইতিহাসের সর্বনিম্ন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের মুদ্রাবাজারে ডলারের দাম নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও ফার্স্টপোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, খোলাবাজারে প্রতি ডলারের দাম বেড়ে ২৮ লাখ ৩০ হাজার রিয়ালে দাঁড়িয়েছে। গত ১২ নভেম্বর এ দাম ছিল ২৬ লাখ ৪২ হাজার রিয়াল। অর্থাৎ ১২ দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। এদিকে প্রতি ইউরোর দাম দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ১০০ রিয়াল এবং প্রতি ব্রিটিশ পাউন্ডের দাম ৩৬ লাখ ৮৯ হাজার ৯০০ রিয়াল।
২০২৫ সালের জুন মাসের তুলনায় ডলারের বিপরীতে রিয়ালের মান কমেছে ৩ দশমিক ৪ গুণেরও বেশি। ইরানের বৈদেশিক আর্থিক লেনদেনের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ২২টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তির ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর রিয়ালের এই দরপতন হলো।
নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরান সেন্টার ফর এক্সচেঞ্জ অব কারেন্সি অ্যান্ড গোল্ড। প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা আয়কারী রপ্তানিকারকদের সঙ্গে আমদানিকারকদের সংযোগ স্থাপনের মাধ্যমে বছরে কয়েক হাজার কোটি ডলারের বাণিজ্য সহজ করে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘ইরানের অর্থনীতি ডুবছে এবং দেশটির নেতারা আতঙ্কিত। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা একটি দেউলিয়া শাসনের শেষ আর্থিক লাইফলাইন।’
মার্কিন ট্রেজারির পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে সম্ভাব্যভাবে যুক্ত ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের লেনদেন শনাক্ত করা হয়েছে।
২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ শুরুর পর প্রতি ডলারের দাম ছিল প্রায় ৮ লাখ ২০ হাজার রিয়াল। এখন তা বেড়ে ২৮ লাখ ৩০ হাজার রিয়ালে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ এবং ইরানের তেল বিক্রি সীমিত করা ও রপ্তানি থেকে আয় দেশে আনার পথ বাধাগ্রস্ত করার প্রচেষ্টার মধ্যেই রিয়ালের এই অবমূল্যায়ন ঘটছে।
উৎপাদন কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং বাণিজ্য নিষেধাজ্ঞা বাড়তে থাকায় ইরানের অর্থনীতি চাপে রয়েছে। এ পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে কয়েকজন অর্থনীতিবিদ দেশটিতে অতি মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতার জন্য বাজারের অংশগ্রহণকারীদের দায়ী করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রিয়ালের দরপতনের কারণে আমদানি করা কাঁচামাল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও ভোগ্যপণ্যের দাম বাড়ছে। আগে থেকেই স্থবির বা বকেয়া মজুজি এবং আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবার বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেক ইরানি পরিবার। ডলারের দাম ক্রমাগত বাড়তে থাকায় তাদের ক্রয়ক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২০১৮ সালে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানি অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুক্ষীণ হয়। তেহরানের তেল রপ্তানি ব্যাপক কমে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনও হ্রাস পাওয়া শুরু হয়।
(2)-6182f1.jpg)


