ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত পরিবর্তন করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এবার নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পূর্বনির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে সম্পূর্ণ এবং সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে (ডিপার্টমেন্ট অফ ওয়ার) নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২১ মার্চ) ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, অন্যথায় যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন’ করে দেবে। এর প্রতিবাদে ইরান জানায়, তারা হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার অঙ্গীকারও করেছিল।
সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা জবাবে বলেছে, ওয়াশিংটন যদি তাদের হুমকি কার্যকর করে, তবে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে এমন সব ব্যবস্থাপনায় লক্ষ্যবস্তু করবে। সেই সাথে আমেরিকানদের অংশীদারিত্ব আছে এমন অর্থনৈতিক, শিল্প এবং জ্বালানি অবকাঠামোতেও হামলা চালাবে।
এছাড়া দেশটির প্রতিরক্ষা কাউন্সিল এক সতর্ক বার্তায় জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো আক্রমণ হলে তারা সমুদ্রে মাইন স্থাপন করবে, যা পারস্য উপসাগরের সমস্ত নৌ-চলাচল পথ বিচ্ছিন্ন করে দেবে।