logo

হরমুজে উত্তেজনা, টানা দরপতনের পর তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজে উত্তেজনা, টানা দরপতনের পর তেলের দাম ঊর্ধ্বমুখী
অপরিশোধিত তেলের ব্যারেল। ছবি: বিজনেস ফ্রন্ট

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার খবরে শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

তবে সপ্তাহের সামগ্রিক হিসাবে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে জ্বালানি তেল।

Advertisement

শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৭টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ডিসেম্বর মেয়াদি ফিউচার চুক্তির দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৬৩ ডলারে পৌঁছায়। সবচেয়ে বেশি লেনদেন হওয়া জানুয়ারি মেয়াদি চুক্তির দামও ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ০৪ ডলারে দাঁড়ায়।

শুক্রবার দাম বাড়লেও সপ্তাহের হিসাবে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে।

ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহজুড়ে প্রায় ৩.৫ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের ডিসেম্বর মেয়াদি চুক্তির দাম কমতে পারে প্রায় ৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধপূর্ব সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকার প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও তেলের দামে সামগ্রিক নিম্নমুখী চাপ বজায় রয়েছে।

রাকুতেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, হুতিদের রিয়াদে হামলার কারণে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নতুন করে ফিরে এসেছে। এ পরিস্থিতিতে বাজারে তেল কেনার প্রবণতা বেড়েছে।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন হ্রাসের নীতি অব্যাহত রাখার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার খবর।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে এবং সেগুলোতে আগুন জ্বলছে।

এ ছাড়া নভেম্বর মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলার ঘটনা প্রায় প্রতিদিন একটি করে ঘটছে বলে জানিয়েছে ইউওবি গ্রুপের বিশ্লেষকেরা।

তাদের মতে, এসব ঘটনা আন্তর্জাতিক তেলবাজারে ভূরাজনৈতিক ঝুঁকির কারণে অতিরিক্ত মূল্য সংযোজনের চাপ তৈরি করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামে বড় প্রভাব পড়তে পারে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট