হরমুজ খুলে দেওয়ায় শি খুব খুশি, বললেন ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুব খুশি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার খবরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় সচল হওয়ায় চীনা প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছেন।
পোস্টে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্ট শি খুব খুশি। কারণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে অথবা এটি দ্রুত খোলার প্রক্রিয়ায় রয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি আমদানির জন্য হরমুজ প্রণালির ওপর চীনের ব্যাপক নির্ভরশীলতা রয়েছে। দীর্ঘদিন অবরোধের পর এই পথ খুলে দেওয়ার খবরে বেইজিংয়ের স্বস্তি ফিরেছে।
ট্রাম্প তার আসন্ন চীন সফরের বিষয়ে ইঙ্গিত করে আরও বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে তার বৈঠকটি হবে একটি বিশেষ এবং সম্ভাব্য ঐতিহাসিক ঘটনা। আমি শির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। পোস্টের শেষে এই সফরের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। আরাঘচির ঘোষণা অনুযায়ী, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সংগতি রেখে কৌশলগত জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে।
পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রণালিটি খোলার বিষয় নিশ্চিত করেছেন। তার দাবি, ইরান আর কখনোই হরমুজ প্রণালি বন্ধ না করার বিষয়ে একমত হয়েছে। তবে তিনি পোস্টে উল্লেখ করেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর থাকবে।