বন্দুকধারী হামলাকারীদের ‘নায়ক’ মানছে কিশোররা, অনলাইনে বাড়ছে বিপজ্জনক গোষ্ঠী

বন্দুকধারী হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যাকারীদের আদর্শ হিসেবে গ্রহণ এবং তাদের কর্মকাণ্ডকে রোমান্টিকভাবে তুলে ধরতে অনলাইনে দ্রুত বিস্তৃত হচ্ছে একটি বিপজ্জনক গোষ্ঠী। ‘ট্রু ক্রাইম কমিউনিটি’ বা টিসিসি নামে পরিচিত এ গোষ্ঠীর সদস্যদের বড় অংশই কিশোর-কিশোরী। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের মাধ্যমে তরুণদের ক্রমেই সহিংসতাকেন্দ্রিক এই অনলাইন জগতে আকৃষ্ট করা হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে টিসিসির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের (আইএসডি) তথ্য অনুযায়ী, গত তিন বছরে শুধু যুক্তরাষ্ট্রেই গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ১২টি হামলার ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাতটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা।
সহিংস হামলাকারীদের অনুসরণ করছে কিশোররা
বিশেষজ্ঞদের মতে, টিসিসির সদস্যদের অনেকেই স্কুলে নিগ্রহ, পারিবারিক সমস্যা, একাকিত্ব ও বিভিন্ন মানসিক সংকটের মধ্য দিয়ে যায়। এসব পরিস্থিতিতে তারা অতীতের বন্দুকধারী হামলাকারীদের সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়। হামলাকারীদের পরিচিতি, জনপ্রিয়তা ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনায় আসার বিষয়টি তাদের আকৃষ্ট করে।
গোষ্ঠীটির কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক আদর্শ নেই। বরং সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি অর্জন এবং আলোচনায় আসার প্রবণতা অনেক সদস্যের মধ্যে কাজ করে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনলাইন গোষ্ঠীতে হত্যাকারীদের ছবি, ভিডিও ও কর্মকাণ্ডকে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে তাদের অপরাধের ভয়াবহতা আড়াল হয়ে যায় এবং তারা অনুসারীদের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ
টাম্বলার, ফেসবুক, এক্স, টিকটক, ইনস্টাগ্রাম ও রোবলক্সের মতো জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মেও টিসিসি-সংশ্লিষ্ট বিষয়বস্তু ছড়িয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের অভিযোগ, কোনো ব্যবহারকারী স্কুলে বন্দুক হামলা কিংবা অতীতের কোনো হত্যাকাণ্ড নিয়ে ভিডিও দেখলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের অ্যালগরিদম তাকে একই ধরনের আরও সহিংস বিষয়বস্তু দেখাতে পারে। এভাবে একপর্যায়ে ব্যবহারকারী ক্রমাগত সহিংসতাকেন্দ্রিক কনটেন্টের মধ্যে আটকে পড়েন এবং সংশ্লিষ্ট অনলাইন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
ছদ্মবেশে দুই বছর ধরে পর্যবেক্ষণ
লাইসেন্সধারী সমাজকর্মী অ্যালিজান্দ্রা হারবারহোল্ড গত দুই বছর ধরে ছদ্মবেশে অনলাইন গোষ্ঠীটি পর্যবেক্ষণ করছেন। তার উদ্যোগ ও সহায়তায় ১৮ জন কিশোর-কিশোরী টিসিসি থেকে বেরিয়ে এসেছে।
হারবারহোল্ডের মতে, অধিকাংশ শিশু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সহিংসতাকেন্দ্রিক আগ্রহ থেকে বেরিয়ে আসে। তবে কিছু কিশোর-কিশোরীর ক্ষেত্রে বিশেষ সহায়তা ও দীর্ঘমেয়াদি নজরদারির প্রয়োজন হয়।
সহিংসতা প্রতিরোধে উদ্যোগের আহ্বান
প্রতিবেদনে অনলাইন উগ্রপন্থা ও সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু সহিংস কনটেন্ট সরিয়ে ফেলাই যথেষ্ট নয়। এর পাশাপাশি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ, স্কুলে নিগ্রহ এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর অ্যালগরিদম কীভাবে সহিংস বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছে, তা পর্যালোচনা এবং ঝুঁকিপূর্ণ কিশোরদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে হত্যাকারীদের মহিমান্বিত করে তোলার এই অনলাইন প্রবণতা তরুণদের মধ্যে সহিংসতার প্রতি আকর্ষণ বাড়াতে পারে এবং বাস্তব জীবনে নতুন হামলার ঝুঁকি তৈরি করতে পারে।



