logo

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 

বুধবার (২১ জানুয়ারি) রায় ঘোষণার পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।

দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলে ২০২৪ সালের ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন। তার এমন পদক্ষেপে সহযোগিতায় করার পাশাপাশি একাধিক অভিযোগে হানকে এই শাস্তি দেওয়া হয়। 

এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহের প্রকৃত সত্য উদ্ঘাটন না করা, সামরিক আইনকে বৈধ দেখানোর চেষ্টা, জাল নথি তৈরি ও ধ্বংস, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও গণমাধ্যম নিয়ন্ত্রণ জেনেও পদক্ষেপ না নেওয়া এবং সাংবিধানিক আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। 

আদালত জানায়, সাবেক প্রেসিডেন্ট ইওন সুক ইউলের ঘোষিত সামরিক আইন ছিল অসাংবিধানিক ও অবৈধ। ফৌজদারি আইনের ৮৭ ধারা অনুযায়ী, রাষ্ট্রক্ষমতা উৎখাত বা সাংবিধানিক শৃঙ্খলা ভাঙার উদ্দেশ্যে সহিংসতা, ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগকে বিদ্রোহ হিসেবে গণ্য করা হয়।

আদালতে হান দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্টকে সামরিক আইন থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি স্পষ্টভাবে কোনো আপত্তি জানাননি।

এদিকে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন হান ডাক। তার আইনজীবীরা জানান, তারা এ মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন।