logo

হরমুজ অবরোধের দায়িত্বে থাকা ইরানি নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ অবরোধের দায়িত্বে থাকা ইরানি নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ প্রণালী অবরোধে নেতৃত্ব দেওয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সাম্প্রতিক অভিযানে তাংসিরিসহ নৌবাহিনীর আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা এবং নৌপথে হামলার পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন তাংসিরি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বৈশ্বিক তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। এই প্রণালী কার্যত অবরুদ্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।

২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া তাংসিরি এর আগে দীর্ঘদিন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাংসিরিকে “রক্তাক্ত অতীতের অধিকারী” হিসেবে উল্লেখ করে এই অভিযানকে যৌথ কৌশলের অংশ বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় অঞ্চলটি আরও নিরাপদ হয়েছে।

এদিকে, আইআরজিসির সদস্যদের উদ্দেশে দায়িত্ব ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি