logo

ইরানকে প্রতিবেশী দেশে হামলা না করার আহ্বান হামাসের

ইরানকে প্রতিবেশী দেশে হামলা না করার আহ্বান হামাসের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। আরব নিউজের প্রতিবেদন জানাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর এটিই তেহরানের উদ্দেশে হামাসের প্রথম এমন প্রকাশ্য আহ্বান।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে হামাস দ্রুত এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন ও নিয়ম অনুযায়ী ইরানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তবে ইরানের কাছে অনুরোধ, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে।’

এর আগে যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিল হামাস। সংগঠনটি তখন উল্লেখ করে, আল খামেনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি আন্দোলনকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়েছেন।

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী সামরিক আঘাতের মুখে পড়লেও উপসাগরীয় এলাকার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিসহ অন্যান্য স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরান দীর্ঘদিন ধরে হামাসের অন্যতম বড় সমর্থক। বিশ্লেষকদের ধারণা, প্রতি বছর তেহরান সংগঠনটিকে কয়েক কোটি ডলার সহায়তা দিয়ে থাকে। আলী খামেনির সময় থেকেই ফিলিস্তিনি সংগঠনগুলোকে সমর্থন দেওয়া ইরানের আঞ্চলিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিল।