কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ব্যবস্থার মারাত্মক ক্ষতি

ভয়াবহ ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা। শনিবার (২৮ মার্চ) গার্ডিয়ানের খবর এ তথ্য জানায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে কুনা জানিয়েছে, বিমানবন্দরটি দফায় দফায় ড্রোন হামলার শিকার হয়। এতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর আগে গত বুধবারও বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলা চালানো হয়েছিল, যার ফলে সেখানে এক বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
বারবার ঘটে যাওয়া এসব নাশকতামূলক হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে কুয়েত সরকার। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।