logo

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে চাঙা এশিয়ার শেয়ারবাজার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে চাঙা এশিয়ার শেয়ারবাজার
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চুক্তির ঘোষণার পর এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার খবরে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে।

সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫ শতাংশেরও বেশি বেড়ে যায়। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.৭ শতাংশ পর্যন্ত লাফ দেয়। তাইওয়ানের তাইএক্স ২.৭ শতাংশ বেড়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার এএসএক্স২০০ সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে।

হংকংয়ের হ্যাং সেং সূচকও প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার মার্কেটেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০-সংযুক্ত ফিউচার প্রায় ১ শতাংশ এবং নাসডাক ফিউচার প্রায় ১.৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশেরও বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩.৭০ ডলারে নেমে এসেছে।

এএনজেড ব্যাংকের এশিয়া রিসার্চ প্রধান খুন গোহ বলেন, চুক্তির সম্ভাবনার সময়ই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তবে চূড়ান্ত ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে।

তিনি বলেন, তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য স্বস্তির খবর। এখন সবার নজর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দিকে, যা এ সপ্তাহে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, হরমুজ প্রণালি শুল্কমুক্তভাবে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ও ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

পরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, এতে সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, লেবাননসহ সংঘাত বন্ধ এবং ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।