logo

আফগানিস্তানে হামলার তীব্র নিন্দা জানাল ভারত

আফগানিস্তানে হামলার তীব্র নিন্দা জানাল ভারত

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই নিন্দা জানান। খবর আল-জাজিরার।

তিনি বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এই হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল।

তিনি আরও বলেন, ‘এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে বহির্ভূত করার আরেকটি প্রচেষ্টা।’ একই সঙ্গে ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে বলে জানান।

এই বক্তব্যের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করল। দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে এমন প্রতিক্রিয়া কূটনৈতিক বার্তাও বয়ে আনে বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘অপারেশন গজব লিল-হক’ নামে গতকাল বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। এর আগে কয়েক দিন ধরে দুদেশের মধ্যে বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলা চলছিল। পাকিস্তানের এ অভিযান শুরুর পর দেশটির সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান।