logo
Advertisement

দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপনে একাদশভুজা দেবী দুর্গা (বামে) ও দুর্গাপূজা সামনে রেখে রাজ্য সরকারের সমন্বয় সভা (ডানে)। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

পশ্চিমবঙ্গের একটি সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গাকে ১০টির বদলে ১১টি হাতসহ দেখানো নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচনার মুখে অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপূজা বিষয়ক এক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন।

এ সময় শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রথমত, মুখ্যমন্ত্রী হিসেবে সকালে প্রকাশিত ভুল বিজ্ঞাপনটির জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা বিজ্ঞাপনটি তৈরি করার দায়িত্বে ছিলেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। রাজ্য সরকার পরবর্তীতে এই ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে।’

চলতি বছরে রাজ্য সরকারের পরিবর্তনের পর বিজেপির নেতৃত্বাধীন নতুন প্রশাসনের অধীনে প্রথম দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। তবে সভার দিন সকালে সংবাদপত্রে প্রকাশিত সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ‘দশভুজা’ রূপের বদলে ১১টি হাত দেখানো হলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

এ ঘটনায় রাজ্য বিজেপি সরকারকে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেস বলেছে, ‘মা দুর্গার আবার ১১টি হাত হলো কবে থেকে? দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির হৃৎস্পন্দন। যে সরকার নিজেদের বাংলার প্রতিনিধি দাবি করে, তারা বাঙালির ঐতিহ্য ও পরিচয় থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ধর্মগ্রন্থ অনুসারে দেবী দুর্গার ১০টি হাত রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই ভুলটি সংশোধন করার জন্য আবেদন করেছেন তিনি।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, ‘বাঙালি হিসেবে আমি মায়ের ১১টি হাত মেনে নিতে পারি না। মা কি হাতে আরেকটি অস্ত্র চাইছেন? এটা গ্রহণযোগ্য নয়।’

যদিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও কেউ প্রতিক্রিয়া জানাননি। তবে রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য এই ভুলকে গুরুত্ব না দিয়ে বলেন, ‘এতে শুধু এটাই প্রমাণিত হয় যে মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন।’

সমিক ভট্টাচার্য আরও বলেন, ‘যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি, তবে এটি ছাপানোর দায়িত্বে থাকা সংস্থাটি একটি ভুল করেছে। এটি সংশোধন করা হবে। এতে রাজনীতি খোঁজার কিছু নেই।’