Advertisement

কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়েছে মিশিগানে, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা

সুলায়মান আল মাহমুদ, মিশিগান (যুক্তরাষ্ট্র)
কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়েছে মিশিগানে, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা
মিশিগানের আকাশে কানাডার দাবানলের ধোঁয়া। ছবি: এশিয়া পোস্ট

কানাডার দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে এখন মিশিগানের আকাশ ঢেকে ফেলেছে। এর প্রভাবে ডেট্রয়েট, হ্যামট্রামক, ওয়ারেন, ট্রয়সহ আশপাশের এলাকায় বাতাসের গুণগত মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় পুলিশ বিভাগগুলো জানিয়েছে, বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার মাত্রা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সবার জন্যই ক্ষতিকর। তবে শিশু, প্রবীণ এবং হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি।

কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ। বাইরে দীর্ঘ সময় অবস্থান এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলারও আহবান জানানো হয়েছে। বাসিন্দাদের জানালা-দরজা বন্ধ রেখে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে এবং বাইরে যেতে হলে উপযুক্ত সুরক্ষামূলক মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া পরিবারের প্রবীণ সদস্য ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার আহবান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসের মান স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখাই সবচেয়ে কার্যকর উপায়।

কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব মিশিগানে আর কতদিন স্থায়ী হতে পারে এমন প্রশ্নের জবাবে এশিয়া পোস্টকে মিশিগানের সিনিয়র সাংবাদিক সৈয়দ সাহেদুল হক বলেন, এর নির্দিষ্ট সময়সীমা বলা কঠিন। এটি মূলত বাতাসের গতিপ্রকৃতি ও আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি স্থানীয় আবহাওয়া বিভাগ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেন।