logo

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
তাইজ গভর্নরেটের লোহিত সাগর উপকূলীয় শহর মোখায় একটি বিদ্যুৎকেন্দ্রে সৌদি বিমান হামলা। ছবি: আলজাজিরা

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরোধ গোষ্ঠী হুতি। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালাল রিয়াদ।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে আল-তুরবাহ শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতি-সমর্থিত বার্তা সংস্থা সাবা।

Advertisement

এমন এক সময়ে হামলার এ খবর এল, যখন ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘাত অব্যাহত রয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহত ব্যক্তিদের অধিকাংশই শিশু। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

তবে আলজাজিরা এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে শুক্রবার দিনের পরের ভাগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদির রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া একটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক জোটের নেতৃত্ব দেয় সৌদি আরব।

গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে আবারও নতুন করে লড়াই শুরু হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এই সংঘাতকে আরও বিস্তৃত করেছে এবং এর ফলে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছেন। চলমান এই সংঘাতে দেশটি ক্রমেই গভীর মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট