logo

মার্কিন বিমান ভূপাতিত করার দায় স্বীকার ইরাকি গোষ্ঠীর

মার্কিন বিমান ভূপাতিত করার দায় স্বীকার ইরাকি গোষ্ঠীর

পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চার ক্রু নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী।

শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ছায়াগোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বৃহস্পতিবার (১২ মার্চ) পশ্চিম ইরাকে একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দায় স্বীকার করে তারা। 

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষায় কেসি-১৩৫ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এদিকে বিমানটিতে থাকা ছয় ক্রুর চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ ঘটনায় বিমানে থাকা বাকি দুই ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

গত ১২ মার্চ স্থানীয় সময় দুপুর ২টার দিকে কেসি-১৩৫ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ছয় ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকারীরা চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও বাকি দুই সদস্যের সন্ধানে অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সেন্টকম।

শুক্রবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কোনো শত্রুর আক্রমণ কিংবা নিজেদের পক্ষের কোনো ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এটি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে ইরাকি গোষ্ঠীটি দায় স্বীকার করে নিয়ে জানিয়েছে, তারাই মার্কিন বিমানটি ভূপাতিত করেছে। 

এদিকে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক নীতি অনুযায়ী, নিহতদের নিকটাত্মীয়দের এই মর্মান্তিক সংবাদ জানানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম।