logo

যুদ্ধের সমাধানে পাকিস্তানে বসছেন ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের সমাধানে পাকিস্তানে বসছেন ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী

এক মাস ধরে চলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সমাধান খুঁজতে পাকিস্তানে বৈঠকে বসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দিনব্যাপী এই আলোচনায় চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা‘ করবেন। খবর রয়টার্স।

পাকিস্তানের সরকারি সূত্র জানায়, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার (২৯ মার্চ) ও সোমবার (৩০ মার্চ) ইসলামাবাদে বৈঠক করবেন। এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে। এ সময় সফররত মন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাহ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বৈঠকটি প্রথমে তুরস্কে হওয়ার কথা থাকলেও পরে পাকিস্তানে স্থানান্তর করা হয়। এই বৈঠকের লক্ষ্য হবে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে একটি কার্যপ্রণালি প্রতিষ্ঠা করা।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি ইতোমধ্যে এই বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিনিধিরা রোববারের মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানেও ইসলামাবাদ সক্রিয় রয়েছে। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাবও পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে বলে জানা গেছে।

তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য পাকিস্তান একটি মার্কিন প্রস্তাবের বিষয়ে জানিয়েছে এবং আলোচনার আয়োজন করার প্রস্তাব দিয়েছে। তবে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে যেকোনো আলোচনা পাকিস্তান বা তুরস্কে অনুষ্ঠিত হতে পারে।

সূত্র : রয়টার্স