২৭ বছর পর বিচার শুরু হচ্ছে ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ শেখের

দীর্ঘ ২৭ বছর পর বিচারের মুখোমুখি হচ্ছেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ। শুধু তিনিই নন, বরং তার তিন সহযোগী আসামিকেও সামরিক ট্রাইব্যুনালের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর এক বিচারক।
বুধবার (২৬ আগস্ট) মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক বিচারক মাইকেল শ্রামার এই বিচার-সূচি নির্ধারণের আদেশ জারি করেন। এর মাধ্যম কিউবার গুয়ান্তানামো বে-তে আটক চার বন্দিকে ঘিরে দুই দশক ধরে চলা আইনি অচলাবস্থায় জর্জরিত সামরিক মামলাটিতে একটি বড় মাইলফলক তৈরি হলো।
আগামী ২০২৮ সালের জুন মাসে তাদের বিচারকার্য শুরু করা হবে বলে আদেশ জারি করেন ওই বিচারক।
বিচারকের ১১ পৃষ্ঠার আদেশ অনুযায়ী, খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগী আসামির বিচার প্রক্রিয়া ২০২৮ সালের ৫ জুন থেকে শুরু হবে। তিন আসামি হলেন ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আতাশ, মুস্তফা আহমেদ আদম আল হাওসাওয়ি ও আলী আব্দুল আজিজ আলী।
সামরিক বিচার ব্যবস্থার নিয়ম অনুযায়ী সম্পূর্ণ সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত জুরি প্যানেল নির্বাচনের মাধ্যমে এই বিচারকার্য শুরু হবে। প্যানেল গঠিত হওয়ার ৩০ দিন পর মামলার শুনানি শুরু হবে। এরপর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন, আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও দণ্ডাদেশ পর্বের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শেষ হবে।
বিচারক শ্রামা প্রসিকিউটরদের ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, বিচারপূর্ব সাক্ষ্যপ্রমাণ এবং প্রাসঙ্গিক আবেদন নিষ্পত্তির জন্য আরও সময়ের প্রয়োজন।
এর আগে গত মাসে একটি মার্কিন আপিল আদালত খালিদ শেখ ও তার সহযোগীদের দোষ স্বীকার সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি বাতিল করে দেয়। এর মাধ্যমে তারা মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেতেন। গত বছর প্রস্তাবিত ও পেন্টাগন স্বীকৃত এই চুক্তিটি ব্যাপক রাজনৈতিক সমালোচনার মুখে গত আগস্টে প্রত্যাহার করা হয়েছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে ছিনতাই করা যাত্রীবাহী বিমান বিধ্বস্ত করার ষড়যন্ত্র সাজানোর মূল অভিযোগ রয়েছে খালিদ শেখের বিরুদ্ধে। ভয়াবহ ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
পরবর্তী সময়ে বিদেশি সন্ত্রাসী সন্দেহভাজনদের রাখার জন্য ২০০২ সালে কিউবার গুয়ান্তানামো বে আটক কেন্দ্রটি স্থাপন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, যেখানে আটক থাকা বন্দিদের মধ্যে খালিদ শেখ সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব।



