খার্গ দ্বীপ দখল করলেও ইরান থেকে তেল নিতে পারবেন না ট্রাম্প

ইরানের তেলের মূল কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের তেল সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিতে চান। তার ধারণা, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপটি দখল করলেই ইরানকে কাবু করা সম্ভব। কেননা, ইরানের ৯০ শতাংশ তেল এই দ্বীপটি থেকেই রপ্তানি হয়।
তবে বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি কব্জা করলেও সেখান থেকে তেল বের করে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব হবে। কারণ, পুরো এলাকায়, বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের শক্তিশালী সামরিক অবস্থান মার্কিন জাহাজগুলোকে চরম ঝুঁকির মুখে ফেলবে।
সিঙ্গাপুরে কর্মরত বিবিসির বিজনেস রিপোর্টার নিক মার্শ এক প্রতিবেদনে বলেছেন, ‘খার্গ দ্বীপ দখল করা এবং সেখান থেকে নিরাপদে তেল বের করে নিয়ে আসা এক কথা নয়।’
তার মতে, অন্তত তিনটি কারণে এটা সম্ভব নয়। প্রথমত, এটি ভেনেজুয়েলার মতো সহজ কোনো অভিযান হবে না। এই দ্বীপ দখলে রাখতে হলে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ সৈন্য ও অস্ত্র মোতায়েন করতে হবে।
তাছাড়া দ্বীপটি দখল করলেও এই অঞ্চলের প্রধান নৌপথ হরমুজ প্রণালি থাকবে ইরানের হাতেই। ফলে সেখান দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করলে ইরান তাতে হামলা করতে পারবে।
এমনকি দ্বীপটি মার্কিন নিয়ন্ত্রণে থাকলেও সমুদ্রপথে তেলবাহী জাহাজগুলো নিরাপদ থাকবে না। বর্তমানে যেমন ঝুঁকি আছে, তখনও জাহাজগুলো একইভাবে ইরানি হামলার শিকার হতে পারে।