বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে যদি কোনো বৃহত্তর বা স্থায়ী সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এই যুদ্ধবিরতি সমাপ্ত ঘোষণা করা হতে পারে। এ ছাড়া ইরানে হামলার হুমকি দেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) ইন্ডিপেডেন্ট ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। আলোচনা ব্যর্থ হলে তিনি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হতে পারে।’
দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার পর এই কঠোর বার্তা দিলেন ট্রাম্প। সম্প্রতি দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক প্রতিশ্রুতি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো উল্লেখযোগ্য সমাধান আসেনি। এই অচলাবস্থার কারণেই বুধবারের সময়সীমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এর আগে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমাদের লেনদেন বা চুক্তি ১০০ ভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই (স্থায়ী যুদ্ধবিরতির) প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত। কারণ অধিকাংশ বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে।
আলজাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নৌ-অবরোধ তুলে নেওয়ার সম্ভাবনা কখনোই খুব বেশি ছিল না। কারণ ট্রাম্প প্রশাসন মনে করে, এটি ইরানের ওপর চাপ বজায় রাখার একটি কার্যকর উপায়।