স্কুলে গুলি চালিয়ে সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা, আহত ১৬

তুরস্কে একটি হাই স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই বিদ্যালয়েরই এক সাবেক শিক্ষার্থী এই কাণ্ড ঘটিয়েছে। মাত্র ১৮ বছর বয়সি কিশোর শিক্ষার্থীর চালানো এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা মিলে অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশের অভিযানে কোণঠাসা হয়ে হামলাকারী কিশোর নিজের শটগানের গুলিতে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে সিভরেক এলাকার একটি বৃত্তিমূলক উচ্চ বিদ্যালয়ে (ভোকেশনাল হাই স্কুল) এই ঘটনা ঘটে।
প্রদেশের গভর্নর হাসান সিলদাক জানান, এই হামলায় ১০ শিক্ষার্থী, চার শিক্ষক, একজন ক্যান্টিন কর্মী এবং একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের অধিকাংশকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত পাঁচ শিক্ষক-শিক্ষার্থীকে প্রাদেশিক রাজধানীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তুরস্কে স্কুলে গুলি চালানোর মতো ঘটনা বিরল। তুরস্ক টেলিভিশন এনটিভি ও অন্যান্য সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিপিন্ডেন্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারী গুলি চালানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলে হামলার হুমকি দিয়েছিল।
গভর্নর সিলদাক বলেন, ওই কিশোরের আগে কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নাই। অবশ্য স্কুলটিকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং সেখানে কোনো স্থায়ী পুলিশ কর্মকর্তা মোতায়েন ছিল না। তিনি এই ঘটনাকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে শিক্ষার্থী ওমের ফুরকান সায়ার জানান, হামলাকারীর হাত থেকে বাঁচতে সে এবং তার এক বন্ধু ক্লাসরুমের জানালা দিয়ে লাফ দিয়েছিল। সে (হামলাকারী) হঠাৎ ক্লাসরুমে ঢুকে গুলি করে। সে চার-পাঁচবার গুলি চালায়। এতে প্রথম দিকে দুজন গুলিবিদ্ধ হন। এরপর সে পাশের ক্লাসরুমে চলে যায়। আমরা প্রথমে মাটিতে শুয়ে পড়ি এবং পরে জানালা দিয়ে লাফ দেই।
A teenage gunman opened fire at a high school in Turkey’s Sanliurfa province, injuring at least 16 people before taking his own life. The attacker, a former student, used a shotgun and fired indiscriminately at students and staff. Authorities said there were no fatalities, but…
— CNBC-TV18 (@CNBCTV18News) April 14, 2026
সায়ার জানায়, হামলাকারী কোনো কথা না বলে সরাসরি গুলি শুরু করেছিল।
এর আগে গণমাধ্যমগুলো জানিয়েছিল, হামলাকারী আত্মসমর্পণ করতে অস্বীকার করায় সমস্ত শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয় এবং পুলিশের বিশেষ অভিযান ইউনিট মোতায়েন করা হয়।
সিলদাক সাংবাদিকদের বলেন, পুলিশের হস্তক্ষেপে ওই ব্যক্তি ভবনের ভেতরে কোণঠাসা হয়ে পড়ে এবং নিজের ওপর গুলি চালিয়ে মারা যায়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ডজন ডজন শিক্ষার্থী প্রাণভয়ে স্কুল গেট দিয়ে রাস্তায় দৌড়ে পালাচ্ছে।