হরমুজ বন্ধই থাকছে, আলোচনায় মূল বিষয় লেবানন সংঘাত: ইরান

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার টেবিলে বসার আগে আবারও হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। একইসঙ্গে দেশটি স্পষ্ট করে দিয়েছে, শীর্ষ পর্যায়ের এই বৈঠকে লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলার বিষয়টি তাদের আলোচনার মূল বিষয়। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পথে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অনড় অবস্থান নতুন মাত্রা যোগ করেছে।
সামরিক সূত্রের বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে, হরমুজ প্রণলি এখনও সম্পূর্ণ বন্ধ রয়েছে। ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো জাহাজ বা নৌযানকে এই জলপথ পার হওয়ার অনুমতি দেওয়া হবে না।
বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘লেবান যুদ্ধবিরতি প্রতিনিয়ত লঙ্ঘন করেই চলেছে ইরান। স্বাভাবিকভাবে আজকের বৈঠকে এই বিষয়টি আমাদের আলোচনার প্রধান বিষয়।’
বাঘাই আরও জানান, লেবানন সংকটের পাশাপাশি বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের অবরুদ্ধ সম্পদগুলো সহজলভ্য করা এবং ইরানি তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স পাওয়ার বিষয়টিও তাদের আলোচনার এজেন্ডাতে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে দুই পক্ষই প্রথমে একটি ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে গত শনিবার আইআরজিসি হরমুজ প্রণারি বন্ধের ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ওই জলপথে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল সচল রয়েছে। তবে ইরানের সামরিক সূত্র আজ আবারও তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকছে বলে জানিয়েছে আইআরজিসি।
এদিকে স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সুইজারল্যান্ডে আজ মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় অংশ নিতে রোববার (২১ জুন) সকালে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে আয়োজিত এই শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভ্যান্সের পাশাপাশি আরও অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
অন্যদিকে, ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ দেশটির নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক এবং তেল খাতের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে থাকছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এছাড়াও আলোচনায় কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।






