logo

রমজানে ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা

রমজানে ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা

মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। হিজরি ১৪৪৭ সনের রমজান উপলক্ষে দর্শনার্থীর সংখ্যা ব্যাপকভাবে বাড়বে এমন পূর্বাভাসের ভিত্তিতেই এই সমন্বিত কার্যপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। খবর গালফ নিউজের

কর্তৃপক্ষ জানায়, ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি, পরিবহন ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষা—সবকিছুকে অন্তর্ভুক্ত করে এই নির্দেশনাগুলো তৈরি করা হয়েছে, যাতে ইবাদতকারীরা শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

রমজানের শেষ দশ দিনে লাখো মুসল্লির আগমনে মসজিদুল হারাম ও এর আশপাশের এলাকায় তীব্র ভিড় তৈরি হয়। বিশেষ করে নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় যানজট ও মানুষের চাপ বেড়ে যায়। এ পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীদের নির্দেশনা, নির্ধারিত পথনির্দেশনা এবং সাইনবোর্ড অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়াও মসজিদের বিভিন্ন প্রবেশপথে ডিজিটাল নির্দেশক স্থাপন করা হয়েছে—সবুজ সংকেত মানে প্রবেশযোগ্য, লাল মানে ধারণক্ষমতা পূর্ণ। ভিড় এড়াতে বিশেষ করে কেন্দ্রীয় এলাকায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই–স্পিড রেল ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। নগরের প্রান্তে নির্ধারিত পার্কিং ও শাটল সার্ভিসও রাখা হয়েছে।

মসজিদ-সংলগ্ন পথচারী এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমতিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশদ্বার, করিডর বা জরুরি বহির্গমনপথে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজ শেষে দ্রুত এলাকা ত্যাগ করে অন্যদের জন্য জায়গা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ইবাদতকারীদের জন্য আলাদা নামাজের স্থান, অগ্রাধিকারভিত্তিক চলাচল পথ এবং তাওয়াফে সহায়ক বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত ভিড়ের সময় শিশুদের নিয়ে কেন্দ্রীয় এলাকায় না আসার পরামর্শও দেওয়া হয়েছে।

রমজানে দীর্ঘ সময় ইবাদতের কারণে পানিশূন্যতা ও ক্লান্তি এড়াতে পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং প্রয়োজন হলে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবাসস্থলে জরুরি বহির্গমন পথ সম্পর্কে সচেতন থাকা, বৈদ্যুতিক সংযোগে অতিরিক্ত চাপ না দেওয়া এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম হাতের কাছে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

ওমরাহ পালনের জন্য ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। ভিড় কমাতে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে বলা হয়েছে। অস্ত্র বহন, ধূমপান, ভিক্ষাবৃত্তি, অনুমতিহীন বিক্রি, চলাচলে বাধা সৃষ্টি বা রক্ষণাবেক্ষণ এলাকায় প্রবেশ—এসব কঠোরভাবে নিষিদ্ধ। সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব নির্দেশনা অনুসরণ করলে রমজানে লাখো মুসল্লির ইবাদত আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।