logo

পাকিস্তান জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান প্রধানমন্ত্রী শেহবাজের

দ্য নিউজ ইন্টারন্যাশনাল
দ্য নিউজ ইন্টারন্যাশনাল
পাকিস্তান জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান প্রধানমন্ত্রী শেহবাজের
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: আনাদোলু এজেন্সি থেকে নেওয়া

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদমুখী লংমার্চ করছে দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামি। যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরত আসা পর্যন্ত এই কর্মসূচি স্থগিত রাখতে দলটির আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে লং মার্চ স্থগিত করা হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন দলটির আমির।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জামায়াতে ইসলামি পাকিস্তানের এক মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদমুখী মার্চ নিয়ে জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর তাকে ফোন করেন প্রধানমন্ত্রী শেহবাজ। এ সময় তিনি জামায়াতের ইসলামাবাদমুখী মার্চ স্থগিত রাখার অনুরোধ জানান।

ফোনালাপে হাফিজ নাঈমুর রহমান প্রধানমন্ত্রীকে জানান, তাদের দল সরকারের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না। তবে সাধারণ মানুষের অধিকার আদায়ে তারা রাজপথে নেমেছেন এবং সরকারের উচিত নাগরিকদের এই প্রতিবাদের অধিকারকে সম্মান জানানো।

জামায়াত আমির আরও উল্লেখ করে বলেন, সফররত প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে দলীয় অবস্থান নির্ধারণে সেন্ট্রাল ডিসিশন-মেকিং কাউন্সিল বা শূরার সঙ্গে পরামর্শ করা হবে। তবে সরকারের অনুরোধে যদি শেষ পর্যন্ত লং মার্চ স্থগিতও করা হয়, তাহলেও জনগণের স্বার্থে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

এর আগে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে হাফিজ নাঈমুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামির ট্রেন মার্চ মুলতান স্টেশনে এসে পৌঁছায়। সেখানে উপস্থিত হাজারো সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

দলটির আমির বলেন, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে মুলতানে পৌঁছেছে। তবে এই বিলম্ব সমর্থকদের মার্চকে স্বাগত জানাতে আসা ঠেকাতে পারেনি। হাফিজ নাঈম বলেন, যারা ষড়যন্ত্র করেছিল, তারা মুলতানে আমাদের স্বাগত জানাতে কত মানুষ বেরিয়ে এসেছে, তা দেখুক।

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহর ও জনপদেও একইভাবে মানুষ জামায়াতের এই মার্চকে স্বাগত জানাচ্ছে বলে দাবি করেন তিনি। এখন এই মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবে যাবে বলে জানান তিনি।

সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, রাস্তায় কনটেইনার ফেলে, বাধা দিয়ে এই মার্চ থামানো যাবে না। পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা কথিত ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার এবং জনগণকে স্বস্তি দেয়ার দাবি জানান তিনি।

হাফিজ নাঈমুর রহমান বলেন, তারা দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সমস্যাগুলো তুলে ধরছেন। তার অভিযোগ, সাধারণ মানুষের সমস্যাগুলো রাজনৈতিক দলগুলো যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপের উদাহরণ হিসেবে গম, আটা ও চিনির দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি।