logo

ট্রাম্পের নৌ অবরোধে যোগ দিচ্ছে না ন্যাটো মিত্ররা

ট্রাম্পের নৌ অবরোধে যোগ দিচ্ছে না ন্যাটো মিত্ররা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নৌ অবরোধের জন্য প্রস্তুত রয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এই মার্কিন সামরিক অবরোধে যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে ন্যাটো মিত্ররা। ফলে ক্রমশ ভঙ্গুর হয়ে ওঠা এই জোটে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ন্যাটোর মিত্ররা হরমুজ প্রণালিতে ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধে যোগ দেবে না। তারা বলেছে, এই অবরোধে অংশ নিয়ে চলমান সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ নেই তাদের। যদিও নৌ অবরোধ ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন, অন্যান্য দেশও এতে জড়িত হবে।

মিত্র দেশগুলোর সামরিক পদক্ষেপে জড়িত হতে অস্বীকৃতি ট্রাম্পের সঙ্গে বিরোধের আরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি দেশ মার্কিন সামরিক বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারে বাধা দিয়ে ইরানের বিরুদ্ধে অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। এর পরে ট্রাম্প ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। একইসঙ্গে ইউরোপ থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহারের কথাও বিবেচনা করছেন।

ইউরোপের বেশ কয়েকটি দেশ জানিয়েছে, তারা প্রণালিটিতে সাহায্য করতে ইচ্ছুক। তবে শর্ত হলো সংঘাতের স্থায়ী অবসান হতে হবে ও ইরানের সঙ্গে এই মর্মে একটি চুক্তি হতে হবে যে, তাদের জাহাজগুলো আক্রান্ত হবে না।

গত সপ্তাহে কূটনীতিকরা রয়টার্সকে জানান, ন্যাটো মহাসচিব মার্ক রুট ইউরোপীয় দেশগুলোকে হরমুজ প্রণালি সুরক্ষিত করতে সাহায্যের জন্য ট্রাম্প অদূর ভবিষ্যতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান। ৯ এপ্রিল রুট বলেন, ন্যাটোর ৩২টি সদস্য দেশ একটি মিশন গঠনে একমত হতে পারলে সংস্থাটি প্রণালিটিতে ভূমিকা পালন করতে পারে।