logo

ইরানে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বার্তা

ইরানে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বার্তা
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

শান্তি আলোচনার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে আগ্রহী ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তাবিষয়ক নীতিনির্ধারকরা ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে এক বার্তায় নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) বরাতে বৃহস্পতিবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনাকে শুধু সময়ের অপচয় বলে মনে করছে ইসরায়েল। আইপিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে চায়।

গতমাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছেন। নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার ও এ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূতনৈতিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইরানি জনগেণের অধিকার রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে এসব কথা বলেছেন।

আলোচনার মধ্যে হামলার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো বিশ্বাস নাই বলে উল্লেখ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা যখন চলমান তখন ইরানে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে ইরানকে ‘পেছন থেকে ছুরি মারা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।