কিম জং উনের দেশে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ রোববার (২৬ এপ্রিল) এক রাষ্ট্রীয় সফরে কিম জং উন শাসিত দেশ উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরকালে বেলোসভ উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ে অবস্থানকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায় ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি বেশকিছু অনুষ্ঠান ও স্মরণসভায় অংশ নেবেন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, পিয়ংইয়ং বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো গুয়াং-চোল। বেলোসভের পৌঁছানোর কিছুক্ষণ আগেই রাশিয়ার নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ভ্যাচেস্লাভ ভোলোডিন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করেন।
ভোলোডিন শনিবার পিয়ংইয়ং পৌঁছান। তিনি মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করে প্রাণ হারানো উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে নির্মিত ‘মেমোরিয়াল কমপ্লেক্স ও মিউজিয়াম অব কমব্যাট ফিটস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান।
কিম জং উনের সঙ্গে আলাপকালে ভোলোডিন বলেন, পিয়ংইয়ংয়ে এই বিশেষ সময়ে উপস্থিত থাকা এবং এই স্মৃতিসৌধ উদ্বোধনে অংশ নিতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। কোরিয়ান সেনাদের এই বীরত্বগাঁথা রাশিয়ার জনগণ কখনোই ভুলবে না।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং কিম জং-উনের মধ্যকার সুদৃঢ় সম্পর্ক দুই দেশের ভবিষ্যৎ গড়ার গ্যারান্টি হয়ে দাঁড়িয়েছে।
কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগে ভোলোডিন উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়াম চেয়ারম্যান চো রিওং-হে’র সঙ্গেও বৈঠক করেন।