logo
Advertisement

গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ: দুই ইসরায়েলি নির্মাতার নাগরিকত্ব বাতিলের ঘোষণা

গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ: দুই ইসরায়েলি নির্মাতার নাগরিকত্ব বাতিলের ঘোষণা
১২ সেপ্টেম্বরে ‘নাজা’ তথ্যচিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার বিজয়ী পরিচালক ইউভাল আব্রাহাম ও রাচেল সোর ভেনিস লিডোতে অনুষ্ঠিত ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানের পর রেড কার্পেটে একটি ফটোকলে অংশ নিচ্ছেন। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর নির্মিত একটি তথ্যচিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর দেশটির সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর ওই দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দিয়েছেন।

ভ্যালেন্সিয়া চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি প্রাইজ জয়ী ‘নাজা’ নামক ৮০ মিনিটের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল আব্রাহাম ও রাচেল সোর। উৎসবে প্রিমিয়ারের পর সিনেমাটি ২৫ মিনিটব্যাপী দাঁড়িয়ে অভিবাদন পায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর ছবিটিকে ‘ঘৃণ্য’ এবং এর পুরস্কার প্রাপ্তিকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিশ্বজুড়ে কিছু মানুষের প্রশংসা পাওয়ার জন্য নির্মাতারা দেশের ক্ষতি করছেন।

তার দাবি অনুযায়ী, আব্রাহাম ও সোরের এই কর্মকাণ্ড ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’। তিনি লিখেছেন, ‘সংস্কৃতিমন্ত্রী হিসেবে আমি এই ঘৃণ্য নির্মাতাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অবিলম্বে ইসরায়েলি নাগরিকত্ব বাতিল করার পদক্ষেপ নেব।’

তথ্যচিত্রটিতে গাজায় ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলের এআইচালিত ব্যবস্থার ব্যবহারের চিত্র তুলে ধরা হয়েছে। এতে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণে ‘ল্যাভেন্ডার’ নামক একটি এআই সিস্টেমের ব্যবহারের কথা বলা হয়েছে।

নির্মাতা ইউভাল আব্রাহাম আশা প্রকাশ করেছেন যে, এই তথ্যচিত্রটি পশ্চিমা সরকারগুলোকে ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য করবে।