ইসরায়েলি বাহিনী কেড়ে নিল আরও ৩২ ফিলিস্তিনির প্রাণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বর্বরতা থামছেই না। তথাকথিত যুদ্ধবিরতি চলাকালে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিবিসির।
স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে হেলিকপ্টার গানশিপ হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনিরা এই হামলাগুলোকে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, শুক্রবার হামাসের চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, অক্টোবরের চুক্তির আওতায় যেখানে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে, সেই গাজার পূর্ব রাফাহ এলাকায় ভূগর্ভস্থ একটি ‘সন্ত্রাসী অবকাঠামো’ থেকে বেরিয়ে আসা আটজনকে শনাক্ত করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, তারা ইসরায়েলি নিরাপত্তা সংস্থার (আইএসএ) সঙ্গে যৌথভাবে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় চারজন কমান্ডারসহ আরও কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি একটি অস্ত্র গুদাম, একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং মধ্য গাজা উপত্যকায় হামাসের দুটি উৎক্ষেপণ কেন্দ্রেও আঘাত হানা হয়েছে।
অন্যদিকে, হামাস এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই ধারাবাহিক লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েলি সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে ‘গণহত্যামূলক নৃশংস যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে।