logo

এশিয়ার দেশে আঘাত হানছে সুপার টাইফুন, নিরাপত্তা ঝুঁকিতে ২০ লাখ মানুষ

বিবিসি
বিবিসি
এশিয়ার দেশে আঘাত হানছে সুপার টাইফুন, নিরাপত্তা ঝুঁকিতে ২০ লাখ মানুষ
টাইফুন দুজুয়ানের প্রভাবে জাপানে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। ছবি: ইনস্টাগ্রাম

জাপানের পূর্ব উপকূলে ধেয়ে আসছে অতি শক্তিশালী সুপার টাইফুন ‘দুজুয়ান’। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও প্রবল বাতাসের মুখে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। বিপর্যয় এড়াতে প্রায় ২০ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল চলাচল স্থগিত করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দুজুয়ানের একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার বা ৮০ দশমিক ৮ মাইল। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৯৪ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরে ধারাবাহিকভাবে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটি সর্বশেষ। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছরে দেশটিতে আঘাত হানা ২৫তম এই টাইফুনের প্রভাবে এরই মধ্যে কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে একাধিক স্থানে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। পাঁচ দিনের ছুটির মধ্যে শক্তিশালী ঝড়টি আঘাত হানায় ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল, বাতিল করতে হয়েছে ‘রক ইন জাপান’ সঙ্গীত উৎসব ও ‘টোকিও গেম শো’-এর মতো বড় আয়োজনগুলো।

আবহাওয়াবিদদের মতে, ‘সুপার এল নিনো’র কারণে সমুদ্রের পানি অতিরিক্ত উষ্ণ হয়ে ওঠায় এ বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঝড়গুলো তুলনামূলক অনেক বেশি শক্তিশালী রূপ ধারণ করছে।

বিবিসি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক তদারকির জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর তাকাইচির নিউইয়র্ক যাওয়ার কথা ছিল।

ইয়োকোসুকা সিটি ফায়ার ডিপার্টমেন্ট বিবিসি-কে জানিয়েছে, ষাটোর্ধ্ব এক নারী সম্ভবত স্রোতে ভেসে গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি জীবন্ত অবস্থায় মাটিচাপা পড়েছেন।কানাগাওয়া প্রিফেকচারের দমকলকর্মীরা জানিয়েছেন, এক ব্যক্তি ফোন করে জানান যে ভূমিধসে তার বাড়ি চাপা পড়েছে। চিবা প্রিফেকচারের সোদেগাউরা সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিধসের স্থান থেকে ধ্বংসাবশেষ সরানোর সময় আটকা পড়া পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।