হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান। এর আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন ইরানি সেনারা মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন তথ্যে দেশটির গোয়েন্দা বলেছেন, মাইন বসানো ইতোমধ্যে শুরু হয়েছে। আর এই খবরে বেজায় ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদের ‘নজিরবিহীন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে—যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘অন্যদিকে, যদি তারা ইতোমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!’
এর আগে, হরমুজ প্রণালিতে ইরান মাইন বসানো শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিল। তেহরান যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করেনি বলেও জানায়
সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা বলেছেন, গত কয়েকদিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী। তাদের যে ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী আছে সেগুলোর ৮০ শতাংশ এখনো রয়ে গেছে জানিয়েছেন এ গোয়েন্দারা।