ইরান সংঘাতে তৃতীয় দিনের মতো বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তৃতীয় দিনের মতো বেড়েছে তেলের দাম। মূলত তেল উৎপাদনকারী ওই অঞ্চল থেকে স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় এক দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।
ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বাড়ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক ‘কাতার এনার্জি’ তাদের স্থাপনাগুলোতে ‘সামরিক হামলার’ পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে যায়।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের হুমকির কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। ফলে তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে।
বার্তাসংস্থা রয়টার্স আইজি বাজার বিশ্লেষক টনি সাইকামোরকে উদ্ধৃত করে জানিয়েছে, দ্রুত উত্তেজনা হ্রাসের কোনো সম্ভাবনা না থাকায় হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে এবং ইরান এই অঞ্চলে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ইচ্ছা প্রকাশ করছে। ফলে ঝুঁকি রয়ে গেছে এবং সংঘাত যত দীর্ঘ হবে ততই তেলের দাম বৃদ্ধি পাবে।