logo

ডিজিটাল প্রস্তুতিতে পশ্চিমাদের ছাড়িয়ে বিশ্বসেরা সৌদি আরব

ডিজিটাল প্রস্তুতিতে পশ্চিমাদের ছাড়িয়ে বিশ্বসেরা সৌদি আরব

প্রযুক্তিতে পশ্চিমা বিভিন্ন দেশ এবং জাপান ও কোরিয়ার মতো দেশগুলোর তুলনায় হয়তো এখনও কিছুটা পিছিয়ে মরুভূমির দেশ সৌদি আরব। তবে দেশটির ভবিষ্যৎ এতটাই প্রযুক্তিনির্ভর হতে যাচ্ছে যে, সেই প্রস্তুতিতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষস্থানে উঠে এসেছে।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ডিজিটাল রেডিনেস ফ্রেইমওয়ার্ক-২০২৫ এর সূচকে প্রযুক্তিতে সৌদি আরবের এমন বিস্ময়কর উত্থানের তথ্য উঠে এসেছে।

আইটিইউর প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল প্রস্তুতিতে ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, নরওয়ে এবং ফ্রান্সের মতো বিশ্বের প্রযুক্তিনির্ভর শক্তিশালী দেশগুলোকে টপকে এক নম্বরে উঠে এসেছে সৌদি আরব।

১০০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ৯৪ পয়েন্ট পেয়ে ‘ভেরি হাই’ ক্যাটেগরিতে এ অবস্থান সুসংহত করে দেশটি। এ ছাড়া ফিনল্যান্ড ও জার্মানি ৯৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়, ৯২ পয়েন্ট পেয়ে যুক্তরাজ্য তৃতীয় এবং নরওয়ে ৯১ ও ফ্রান্স ৯০ পয়েন্ট অর্জন করে।

গত বছর সৌদি আরব ৯০ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছিল। সৌদি প্রেস এজেন্সির সূত্রে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ অর্জনের মধ্যদিয়ে সৌদি আরবের অ্যাডভ্যান্স ডিজিটাল ইকোসিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্য কত দ্রুত এগিয়ে যাচ্ছে তারই প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে, দেশটির সংবাদ মাধ্যমগুলো। একইসঙ্গে এর মধ্য দিয়ে সরকারের শক্তিশালী নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও ফুটে উঠেছে।

অন্যদিকে এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডিজিটাল মার্কেটের সম্প্রসারণ, অর্থনৈতিক সহায়তা, সামাজিক প্রবৃদ্ধি এবং ক্রমেই স্মার্ট অর্থনীতির দিকে ধাবিত হওয়ার বিষয়টিও উঠে এসেছে। ডিজিটাল রেডিনেস ফ্রেমওয়ার্ক হলো একটি আন্তর্জাতিক সূচক, যার মাধ্যমে জাতীয় ডিজিটাল ইকোসিস্টেমের প্রস্তুতি পরিমাপ করা হয়ে থাকে। টেলিকম, প্রযুক্তি ব্যবস্থা, নীতি এবং সুশাসনের মতো ৯টি মৌলিক ভিত্তি ও ১১৭টি সূচকের মাধ্যমে এ মূল্যায়ন করে থাকে আইটিইউ।