logo

ইরানের হামলার মুখে পিছু হটল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের হামলার মুখে পিছু হটল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

দুই শীর্ষ নেতাকে জঘন্য হত্যার জবাবে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এ সময় হামলার মুখে পিছু হটতে হয় রণতরিটি।

বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের সেনাবাহিনী। 

আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম ইরানি সেনাবাহিনী বিবৃতির বরাতে জানিয়েছে, শত্রুর সাম্প্রতিক ‘জঘন্য হত্যাকাণ্ডের’ কড়া জবাব দিতে তারা এই অভিযান পরিচালনা করেছে। তাদের শক্তিশালী ‘কোস্ট-টু-সি’ বা উপকূল-থেকে-সমুদ্র ক্ষেপণাস্ত্রের তোড়ে মার্কিন বিমানবাহী রণতরিটি টিকতে না পেরে ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যার পর ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান দাবি করেছে, কোনো উসকানি ছাড়াই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তাবাহিনীর প্রধান আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলাম সোলেইমানি নিহত হয়েছেন। শীর্ষ দুই নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সর্বাত্মক অভিযান আরও জোরদার করেছে ইরান। এর অংশ হিসেবে ইসরায়েলের অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান।