Advertisement

বিশ্ববাজারে তেলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্ববাজারে তেলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

ইরানে টানা ১১তম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সতর্কবার্তার পর লোহিত সাগরে চলাচলকারী কয়েকটি তেলবাহী ট্যাংকারও পথ পরিবর্তন করেছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১.০০ ডলার বা ১.১ শতাংশ বেড়ে ৯২.০১ ডলারে গিয়ে ঠেকেছে।

অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা ১.০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫.১৬ ডলারে লেনদেন হতে দেখা যায়।

আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সমাপ্তি মূল্য স্পর্শ করে জ্বালানি তেল। সেদিন ব্রেন্ট ফিউচার্স ৯১.০১ ডলারে ও ডব্লিউটিআই ৮৪.৯১ ডলারে শেষ হয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু বিমান হামলা, এর জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেল।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ বাব আল-মান্দেব সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান বিকল্প রুট হয়ে ওঠে।

কিন্তু হুথিদের সাম্প্রতিক হুমকির পর চীন ও ভারতের উদ্দেশে যাত্রা করা সৌদি অপরিশোধিত তেলবোঝাই তিনটি সুবিশাল তেল ট্যাংকার মঙ্গলবার লোহিত সাগরে গতিপথ বদলে (ইউ-টার্ন নিয়ে) ইয়েমেন উপকূল এড়িয়ে সুয়েজ খালের দিকে রওনা হতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইএনজির পণ্য কৌশলবিদরা রয়টার্সকে জানান, ‘এই সিদ্ধান্তের ফলে ট্যাংকারগুলোকে সুয়েজ খাল ঘুরে যাতায়াত করতে হবে, যা এশীয় দেশগুলোতে জ্বালানি পৌঁছানোর সময় ও পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেবে।’

শুধু মধ্যপ্রাচ্যই নয়, কৃষ্ণ সাগর অঞ্চলেও উত্তেজনা জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনীয় ড্রোনের কারণে কৃষ্ণ সাগর টার্মিনালে তেল ট্যাংকারে হামলার জেরে কাজাখস্তান থেকে তেল পরিবহনকারী ‘কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম’ (সিপিসি) সোমবার থেকে তেল সরবরাহ স্থগিত রেখেছে।

আইএনজি সতর্ক করে বলেছে, এই স্থাগিতাদেশ দীর্ঘায়িত হলে কাজাখস্তান তাদের মূল তেল উৎপাদন কমানোর দিকে হাঁটতে বাধ্য হতে পারে।

এদিকে ভূরাজনৈতিক সংকট ও ডাটা সেন্টার শিল্পের জন্য এআই অবকাঠামোর রেকর্ড চাহিদার খবরের মধ্যেই আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও ডিস্টিলেটের মজুত বৃদ্ধি পেয়েছে। তবে পেট্রোলের মজুত কিছুটা হ্রাস পেয়েছে।