আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যেসব অঞ্চল

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ ও বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী বছর দেশটির বিস্তীর্ণ আকাশজুড়ে এই অভাবনীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ঘটবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবে একবিংশ শতাব্দীর অন্যতম উল্লেখযোগ্য এই মহাজাগতিক দৃশ্যপট তৈরি হবে। এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন দেশটির লাখ লাখ বাসিন্দা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা।
এই সূর্যগ্রহণের প্রভাবে বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ সৌদি আরবের কিছু অঞ্চল প্রায় ছয় মিনিটের জন্য পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত থাকবে। এই দীর্ঘস্থায়ী অন্ধকার বিজ্ঞানী, গবেষক ও আকাশ পর্যবেক্ষকদের জন্য সূর্যের ‘করোনা’ বা বায়ুমণ্ডল নিয়ে বিস্তারিত গবেষণার এক অনন্য ও বিরল সুযোগ তৈরি করে দেবে।
সৌদি আরবের মহাকাশ সংস্থা জানিয়েছে, দেশটির আভা শহরসহ বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে। অন্যদিকে, জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু অংশে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ী অন্ধকার নেমে আসবে। এই মহাজাগতিক ঘটনার কারণে সৌদি আরব সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও তা নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম প্রধান বৈজ্ঞানিক গন্তব্যে পরিণত হবে। তবে সৌদি আরবের প্রতিবেশী দেশ মিসরে এই সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশটির বাকি অংশের বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। ওই সময়ে কিছু কিছু অঞ্চলে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের ছায়ায় ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানভেদে এর সঠিক সময় ও বিস্তৃতিতে কিছুটা ভিন্নতা আসবে।
এ বিষয়ে জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, সূর্যগ্রহণের এই পূর্ণগ্রাসের গতিপথ লোহিত সাগরের উপকূলভাগ থেকে শুরু হবে। এরপর এটি অতিক্রম করবে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান এবং নাজরানসহ সৌদির কয়েক ডজন শহর ও গভর্নরেটের ওপর দিয়ে।
.png)





