‘ইরান যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজছেন ট্রাম্প’
ইরান যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, ইসরায়েল এ যুদ্ধ বন্ধ করতে চাইছে না।
মঙ্গলবার (২৪ মার্চ) আলজাজিরাকে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত এ কথা বলেছেন।
তিনি বলেন, এমন সম্ভাবনা রয়েছে যে, ট্রাম্প সত্যিই এই যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন। এখন তিনি একটি মুক্তির পথ খুঁজছেন।
সুলতান বারাকাত বলেন, যদি আমাকে বাজি ধরতে বলা হয়, তবে আমি বলবো—এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার বিষয়টি একটি কৌশলগত পদক্ষেপ।
তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে নেই। এটি ইসরায়েলের হাতে রয়েছে। ইসরায়েলি সরকার এখন এ যুদ্ধ বন্ধ করতে চাইছে না।
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে, তাদের সেনাবাহিনী লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করবে। এটা লেবাননের প্রায় এক-দশমাংশ ভূখণ্ডের সমান। যতক্ষণ না ইসরায়েল লিতানি নদী পর্যন্ত দখল করছে, আমি মনে করি না যে তারা এই যুদ্ধের সমাপ্তি টানবে।