মধ্যপ্রাচ্যে আরেক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গাড কপর্স (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার (৭ মার্চ) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আইআরজিসির দাবি, বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন এলাকায় থাকা মার্কিন ঘাঁটিটিকে কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তাদের মতে, ইরানের কেশম দ্বীপে একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র বা ডিস্যালিনেশন প্ল্যান্টে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই আঘাত হানা হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওই মার্কিন হামলার কারণে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে।
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।