মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, যাতে কোনো ধরনের ক্ষতি না হয়।
তিনি বলেন, আমাদের বাহিনী যে কোনো আগ্রাসী পরিকল্পনাকে কঠোরভাবে দমন করতে সক্ষম। প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের জবাব উপযুক্তভাবে দেওয়া হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী পেশাদার দক্ষতা, উচ্চমানের প্রশিক্ষণ এবং কার্যকর প্রতিরক্ষা কৌশলে সজ্জিত, যা দিয়ে তারা যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সম্পূর্ণ সক্ষম।
তিনি উল্লেখ করেন, পাকিস্তান সবসময় শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে। তবে দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
এর আগে সাম্প্রতিক বিমান হামলার জবাবে পাকিস্তানে হামলা চালায় আফগানিস্তান। তালেবানের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, অভিযানে ‘অসংখ্য’ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে।
তিনি জানান, সীমান্তবর্তী পাকিস্তানি সেনা অবস্থান ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এর ঘণ্টাখানেক পরেই আবারও আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তান কাবুলসহ আফগানিস্তানের আরও দুটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে হামলা চালিয়েছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এটি আগের প্রাণঘাতী বিমান হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ এই ঘটনার ফলে কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে আফগান রাজধানীর ঠিক কোথায় হামলা হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শুক্রবার বলেছেন, আফগানিস্তানে চালানো হামলাগুলো ছিল ‘যথাযথ জবাব’।
তিনি বলেন, ‘আফগান তালেবানের প্রকাশ্য আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যথাযথ প্রতিক্রিয়া জানিয়েছে।’
সূত্র: দ্য ডন