মাখোঁর দামেস্ক সফরে জোড়া বিস্ফোরণ, আহত ১৮

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সিরিয়া সফরের মধ্যে দেশটির রাজধানী দামেস্কে অন্তত দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এ ঘটরায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
বিস্ফোরণের ঘটনার একটি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অনলাইনে ছড়িয়ে পড়া ও আলজাজিরা যাচাইকৃত আরেকটি ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
আলজাজিরার প্রতিবেদক জানান, পর্যটন মন্ত্রণালয় এবং একটি হোটেলের কাছে বিস্ফোরণ দুটি ঘটে। মাখোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য রাজধানী সফরকালে ওই হোটেলে অবস্থান করার কথা ছিল।
তবে মাখোঁর কার্যালয় জানিয়েছে, আল-শারার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পাননি। তার সফরও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণ দুটি ‘ফরাসি প্রেসিডেন্টের জন্য নির্ধারিত নিরাপত্তা বলয়ের বাইরে’ ঘটেছে। ফলে এটি তার অবস্থান বা সরকারি সফরসূচির জন্য কোনো সরাসরি হুমকি সৃষ্টি করেনি।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী আশপাশের সড়ক বন্ধ করে দেয়। হামলার কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
সানা জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যবহৃত দুটি বিস্ফোরকই ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর মধ্যে একটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির ভেতরে রাখা ছিল। অন্যটি লুকিয়ে রাখা হয়েছিল একটি আবর্জনার কনটেইনারে।
প্রেসিডেন্ট ভবন এলাকা থেকে আলজাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানান, সেখানে পরিস্থিতি ‘বেশ শান্ত’ রয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেন, বিস্ফোরণ দুটি জনবহুল এলাকায় ঘটেছে। তিনি ঘটনাটিকে ‘একটি অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।
দামেস্কভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ইসমত আল-আবসি বলেন, বিস্ফোরণের প্রকৃত লক্ষ্যবস্তু এখনও স্পষ্ট নয়। ফরাসি প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য পিপলস প্যালেসে যাওয়ার পথে তার গাড়িবহরকে লক্ষ্য করে এই আইইডিগুলো বিস্ফোরণ ঘটানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে তার মতে, হামলার উদ্দেশ্য ছিল অস্থিরতা সৃষ্টি করা এবং একটি নেতিবাচক বার্তা দেওয়া। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হওয়া ঠেকাতে এ দুর্বলতা দ্রুত দূর করা প্রয়োজন।
এর আগে, গত সপ্তাহে দামেস্কের কেন্দ্রস্থলের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হন। আরও ২০ জন আহত হয়েছিলেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।





