ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নৌ-অবেরোধ ভেঙ্গে ওমান উপসাগর পাড়ি দিতে গিয়ে একটি ইরানি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। কার্গো জাহাজটি হরমুজ প্রণালির পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ অভিযানের খবর নিশ্চিত করেছেন। সোমবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, তুসকা নামের একটি ইরানি কার্গো জাহাজ হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অমান্য করার চেষ্টা করছিল। মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বারবার থামার সংকেত দিলেও জাহাজটির কর্মীরা কোনো তা অমান্য করে। এরপর মার্কিন বাহিনী কঠোর অবস্থানে যায়।
জাহাজটিকে থামাতে মার্কিন নৌবাহিনী সেটির ইঞ্জিন রুম লক্ষ্য করে সরাসরি গোলাবর্ষণ করে। এতে জাহাজে বড় ধরণের ছিদ্র তৈরি হয় এবং এটি মাঝ সমুদ্রে থেমে যেতে বাধ্য হয়। ট্রাম্প বলেন, আমরা ওদের মাঝপথেই থামিয়ে দিয়েছি।
হামলার পরপরই মার্কিন সেনারা জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে জাহাজটি তাদের হেফাজতে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, জাহাজটিতে অবৈধ কোনো কিছু পরিবহন করা হচ্ছিল কি না, তা সেনারা তল্লাশি করে দেখছে।
এর আগে হরমুজ প্রণালিতে একটি ফরাসি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং জায়ান্ট সিএমএ সিজিএমের বরাতে আলজাজিরা সোমবার জানিয়েছে, গত শনিবার সিএমএর একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
এর আগে রোববার হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার খবর এসেছে গণমাধ্যমে। বার্তা সংস্থা এএফপি জানায়, আক্রান্ত ফরাসি জাহাজটির নাম এভারগ্লেডস। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, এ ঘটনায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। জাহাজে থাকা কোনো ক্রু সদস্য আহত হননি বলে নিশ্চিত হওয়া গেছে।
ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত দুটি গানবোট থেকে একটি ট্যাংকার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিও সেই ঘটনার অংশ।