বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি হয়নি। ফলে ব্যবসায়ীদের উদ্বেগ ও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলতে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এমন প্রেক্ষপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৮ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের মূল্য ৯৩ সেন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন রয়টার্সকে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিটি এখনও স্বাক্ষরিত হয়নি। তাই যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। উভয় পক্ষের যে কোনো মন্তব্যই বাজারে উদ্বেগ বাড়াচ্ছে, যা দামকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে। এটি মূলত বাজারে বাড়তে থাকা অতিরিক্ত সরবরাহের দিক থেকে বিনিয়োগকারীদের মনোযোগ কিছুটা সরিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, দাম যদি আরও বাড়ে, তবে ৮০ ডলারের আগে পরবর্তী স্বাভাবিক স্তর হবে ৭৫ ডলার।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মার্কিন হুমকি অব্যাহত থাকলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আলোচনা অনুষ্ঠিত হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি না হলে ‘কাজটি শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন।
বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এবং হরমুজ প্রণালির নৌপথের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। গত ফেব্রুয়ারির শেষে খামেনি পরিবারের ওপর বিমান হামলার পর ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে এই প্রণালি দিয়ে বিশ্বের দৈনিক তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সোমবার আইআরজিসি এই প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য থেকে দেখা গেছে, মঙ্গলবার সৌদি আরবের অপরিশোধিত তেল বহনকারী জাপানি মালিকানাধীন সুপারট্যাঙ্কারগুলো পারস্য উপসাগর ত্যাগ করার জন্য হরমুজ প্রণালির দিকে রওনা হয়েছে। এর এক দিন আগে ছেড়ে যাওয়া পূর্বে আটকে পড়া জাহাজগুলোর বহরের সঙ্গে যোগ দিয়েছে।




