logo

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে যেমন কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য রপ্তানি চালু রাখতে জাতিসংঘ মধ্যস্থতা করেছিল, তেমনি পরিস্থিতি তৈরি করা গেলে হরমুজ প্রণালি পুনরায় সচল করাও সম্ভব। খবর পলিটিকো

গুতেরেস বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে হরমুজ প্রণালি আগের মতো নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করা যায়।’

তিনি আরও জানান, এ বিষয়ে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।

২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হওয়া ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তির মাধ্যমে যুদ্ধ চলাকালীন ইউক্রেন থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য ও সার রপ্তানি সম্ভব হয়েছিল। যদিও পরে রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।