logo

বিশ্বে সাড়া ফেলেছে ‘মেন অব ফজর’, জামাতে শিশু-তরুণদের ঢল

বিশ্বে সাড়া ফেলেছে ‘মেন অব ফজর’, জামাতে শিশু-তরুণদের ঢল
বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা দলবেঁধে মসজিদে যাচ্ছে ফজরের জামাতে নামাজ আদায় করতে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

শরতের ভোর। আকাশে তখনও আলো ফোনেনি। আজানের সুর ভেসে আসতেই বিছানা ছেড়ে উঠে পড়ে ছোট্ট একটি ছেলে। বাবা বা বড় ভাইয়ের হাত ধরে সে হাঁটতে শুরু করে মসজিদের দিকে। পথে তার মতোই আরও কয়েকজন ছোট মুসল্লি যোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট পায়ের এই মিছিল পৌঁছে যায় মসজিদের আঙিনায়। এই দৃশ্য এখন আরব বিশ্বের নানা শহর ও গ্রামে চোখে পড়ছে। নাম ‘রিজাল আল-ফজর’। অর্থ ভোরের বীর।

চলতি নভেম্বর মাসে সামাজিক যোগাযোমাধ্যমে এ সংক্রান্ত ছবি ও ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ‘মেন অব ফজর’ নামে পরিচিত এই ট্রেন্ড তরুণ ও শিশুদের জামাতে ফজরের নামাজ আদায় করাকে উৎসাহিত করছে।

Advertisement

জানা গেছে, এই উদ্যোগের সূচনা উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়ায়। দেশটির সেতিফ প্রদেশের আইন এল কেবিরায় কোরআননের শিক্ষক ওমর ইয়াওয়ি তার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফজরের নামাজে মসজিদে যেতে শুরু করেন।

আজ থেকে প্রায় চার বছর আগে এই উদ্যোগ নেন বলে দেশটির সংবাদমাধ্যম জাইর টিউবকে জানান তিনি।

ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পায়। তার পরিকল্পনা ছিল খুব সাধারণ। ফজরের নামাজ শেষে শিশুরা একসঙ্গে সকালের নাশতা করবে। আর যারা নিয়মিত আসবে, তাদের পুরস্কৃত করবে স্কুল। এই ছোট আয়োজনই ধীরে ধীরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পাশের বোর্জ বু আরেরিদজেও ৮০ জনের বেশি শিশু এতে অংশ নিচ্ছে বলে গত ১২ নভেম্বর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আওরাস।

তবে আলজেরীয় ওই ধর্মীয় শিক্ষকের এই উদ্যোগ শুধু দেশটিতেই সীমাবদ্ধ থাকেনি। বরং দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আশপাশের বিভিন্ন মুসলিম দেশে। আলজেরিয়া থেকে এই হাওয়া পৌঁছেছে মিশর, জর্ডান, মরক্কো, কাতার ও সিরিয়ায়। শিশু-তরুণদের ফজরের নামাজে যাওয়ার ভিডিও ও ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এটি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে।

সুদান থেকেও শিশুদের ফজরের নামাজে অংশ নেওয়ার ভিডিও ছড়িয়েছে বলে আলজাজিরা আরবি জানিয়েছে। চিত্রাল নিউজ, ইলমফিড ও মীম ম্যাগাজিনের প্রতিবেদনেও এই প্রবণতার কথা উঠে এসেছে।

মসজিদে ফজরের জামাতে শিশুদের অংশগ্রহণ। ছবি: মুনোড
মসজিদে ফজরের জামাতে শিশুদের অংশগ্রহণ। ছবি: মুনোড

মিশরে উদ্যোগটি ‘রেগালেট আল-ফজর’ নামে পরিচিত। অনলাইন প্রচারাভিযানে তরুণ ও প্রাপ্তবয়স্কদের জামাতে ফজর আদায়কে নিয়মিত অভ্যাসে পরিণত করার আহ্বান জানানো হয়। দেশটির লাক্সরের এসনার কাছে আল-ওদায়মা গ্রামে একটি ধর্মীয় স্কুল টানা ৩০ দিন মসজিদে ফজর আদায়কারী শিশুদের ৫০০ মিশরীয় পাউন্ড করে পুরস্কার দিয়েছে। আল-ওয়াতান পত্রিকা জানায়, পুরস্কারের মেয়াদ শেষ হওয়ার পরও শিশুরা নিজ ইচ্ছায় মসজিদে আসতে থাকবে বলে আশাবাদী স্থানীয়রা।

জর্ডানে এই কার্যক্রমের নাম ‘নাশামা আল-ফজর’। আয়োজক আইমান আল-বালাউই জানান, ভোরে নিচতলা ভরে গেলে মসজিদের ওপরতলা খুলে দিতে হয়। সাধারণত জুমার নামাজ ও রমজান মাসে এই জায়গা খোলা হয়।

মরক্কোতে ‘ফুরসান আল-ফজর’ নামে একই ধরনের প্রচারাভিযান শুরু হয়েছে। দলবদ্ধভাবে শিশুদের মসজিদে যাওয়ার ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অনুমোদনের অভাবে তিজনিতের স্থানীয় কর্তৃপক্ষ একটি কর্মসূচি স্থগিত করেছে।

কাতারের স্থানীয় সংবাদমাধ্যম মশাইরিব গত ২৪ নভেম্বর জানায়, দোহার মসজিদগুলোতে সূর্যোদয়ের আগে ছেলেদের পৌঁছানোর ভিডিও ‘রিজাল আল-ফজর’ হ্যাশট্যাগে ছড়াচ্ছে। দেশটিতে এমন উদ্যোগের নজির আছে। ২০২৩ সালে এডুকেশন সিটি মসজিদের মিনারেতিন সেন্টার শিশুদের জন্য ছয় সপ্তাহের একটি ‘ফজর ক্লাব’ চালিয়েছিল।

এ ছাড়াও স্পেন, তিউনিশিয়া, লেবানন, ইরাক, ভারতেও ছড়িয়ে পড়েছে ট্রেন্ড। নিয়মিত দলবেঁধে ফজরের নামাজের জামাতে সামিল হওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন মুললিম তরুণরা।

‘ইয়াক্বীন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চ’-এর প্রতিষ্ঠাতা ও ইসলামি পণ্ডিত ওমর সুলাইমানও সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের একটি ভিডিও শেয়ার করেছেন। গত ১৮ নভেম্বর ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কয়েক দিন পর সোশ্যাল মিডিয়ায় লগ ইন করে দেখলাম একটি চমৎকার ট্রেন্ড, তরুণরা মসজিদে ফজরের নামাজ আদায় করছে। ডালাস থেকে, এরা হলো আমাদের ‘রিজাল আল-ফজর’ (ফজরের পুরুষেরা)।’

আন্তর্জাতিক মুসলিম পণ্ডিত সংঘও (আইইউএমএস) এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, এটি শিশুদের অল্প বয়স থেকেই মসজিদের সঙ্গে একটি আত্মিক সংযোগ গড়ে তুলতে সাহায্য করে। ভোরে ওঠার এই চর্চা শিশুদের শুধু ধর্মীয় অনুশাসনেই অভ্যস্ত করে না। এতে সময়ানুবর্তিতা, আত্মশৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও সামাজিকতার মতো গুণও গড়ে ওঠে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট