বিশ্ববাজারে এক দিনেই স্বর্ণের দাম বাড়ল ৩ শতাংশ

মার্কিন ডলারের ঊর্ধ্বগতিতে বিরতি ও শেয়ারবাজার কিছুটা স্থিতিশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত বুধবার স্বর্ণের দাম ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে লেনদেন হচ্ছে।
সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর ক্রেতারা আবার বাজারে ফিরতে শুরু করেছেন। সাম্প্রতিক বিক্রির চাপ কাটিয়ে প্রযুক্তি ও এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হতে শুরু করেছে, যা স্বর্ণের জন্য ইতিবাচক।
ভবিষ্যত দাম নিয়ে এই বিশ্লেষক বলেন, স্বর্ণের দাম সহজে আবার ৫ হাজার ডলারে ফিরবে বলে তিনি মনে করেন না। তবে দাম ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের ঘরে ফিরে আসার ভালো সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন ডলার ২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বর্তমানে কিছুটা স্থিতিশীল হয়েছে। ডলারের মান কিছুটা কমলে অন্যান্য মুদ্রার ধারকদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ছুটির দিনের আমেজে এআই-সংক্রান্ত অস্থিরতা কিছুটা কমায় শেয়ারবাজারও স্থির হয়েছে।
সূত্র: রয়টার্স
