ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯২০

এশিয়া পোস্ট ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯২০
ভেনেজুয়েলার লা গুয়াইরায় স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯২০ জনে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, প্রাকৃতিক এ বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। এছাড়া ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭২ জন মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা আটকা পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভূমিকম্পের তীব্রতায় দেশটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে অন্তত ৩৮৩টি ভবন, ১৩টি হাসপাতাল, ২৫টি শপিং সেন্টার এবং হাজারের অধিক বিভিন্ন ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিপর্যয়ের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট সাধারণ মানুষকে আপাতত ওই এলাকায় যাতায়াত না করার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন।

দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছাকে ধন্যবাদ জানিয়ে রদ্রিগেজ বলেন, সহযোগিতা করার এই প্রবল ইচ্ছাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আহতদের হাসপাতালে নেওয়ার রাস্তাগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে যানজট তৈরি হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় সাহায্য হবে রাস্তাগুলো ফাঁকা রাখা। এর ফলে চিকিৎসা দলগুলো দ্রুত রোগীদের আনা-নেওয়া করতে পারবে এবং উদ্ধারকারী দলগুলোও আরও দক্ষতার সঙ্গে তাদের উদ্ধারকাজ চালিয়ে যেতে পারবে।